
সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে কিশোরী মেয়েরা। দলের হয়ে আলপী আক্তার করেছেন জোড়া গোল এবং সুরভী আকন্দ প্রীতি একটি গোল করেন।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায় একেবারে বিরতির আগে। ভুটানিজ গোলরক্ষক ও ডিফেন্ডারের মধ্যে বিভ্রান্তির সুযোগে সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে বল জালে প্রবেশ করলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণভাগ। ৫৩ মিনিটে আলপী আক্তারের ডান পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ হয়। কিছুক্ষণ পর ভুটান একটি গোল শোধ করলেও প্রতিদ্বন্দ্বিতা বেশিক্ষণ টেকেনি। ৬৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে আলপী আবারও গোল করে বাংলাদেশকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
শেষ মুহূর্তে আরও কয়েকটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে ভুটানের ডিফেন্ডাররা গোললাইন থেকে একাধিকবার বল ফেরালে ব্যবধান আর বাড়েনি।
বাংলাদেশ নারী ফুটবলে সাফল্যের ধারা ধরে রেখেছে। সিনিয়র দল এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে জুলাইয়ে, অ-২০ দল একই মাসে সাফ জিতেছে এবং এশিয়া কাপে জায়গা করে নিয়েছে। এবার অ-১৭ দলের লক্ষ্যও সাফ শিরোপা জেতা। প্রথম ম্যাচের জয় সেই অভিযানে বাড়তি আত্মবিশ্বাস যোগ করল।
মন্তব্য করুন