
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিতব্য বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (বিআইএফএফ)-এ এ বছর থেকে চালু হচ্ছে নতুন একটি আন্তর্জাতিক পুরস্কার ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেওয়া হবে এ পুরস্কার, যা জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে প্রবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবের ‘ভিশন এশিয়া’ বিভাগে প্রতিযোগিতা করা চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একটি চলচ্চিত্রকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে। সামাজিক ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই এসব বিষয়ে নির্মিত যোগ্য চলচ্চিত্রই পুরস্কারের জন্য বিবেচিত হবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, উৎসবের সমাপনী দিনে বিজয়ী নির্মাতার হাতে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ তুলে দেওয়া হবে।
মন্তব্য করুন