
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। এসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সেনারা দীর্ঘদিন ধরে মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং যেকোনো দূরত্ব থাকলে তা দূর করতে হবে।
সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন মাধ্যমে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, এসব মন্তব্যে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তারা আমাদের সন্তানের বয়সী। সময়ের সঙ্গে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং নিজেরাই লজ্জিত হবে।
তিনি আরও জানান, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনাসদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে না।
সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। দায়িত্ব পালনের সময় সেনাদের অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
মন্তব্য করুন