
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে তাদের কয়েকজন প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে। এসময় একটি সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগসাজশ করে মব উসকে দিয়ে প্রার্থীদের ফরম তুলতে বাধা দেয়। এ ঘটনায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”
এদিকে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে। এছাড়াও ১৮টি হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ছাত্রদলের অভিযোগে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ডাকসু নির্বাচনকে ঘিরে।
মন্তব্য করুন