
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল প্রথম ম্যাচে উলভসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে।
রবিবার (১৭ আগস্ট) উলভসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সিটি। যদিও প্রথম দিকে হালান্ড ও সিলভার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং উলভসের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আকাশী-নীলরা। মাত্র তিন মিনিটের ব্যবধানে অভিষিক্ত তিজানি রেইনডার্স জ্বলে ওঠেন। তার নিখুঁত পাসে হালান্ড প্রথম গোল করেন। কিছুক্ষণ পর নিজেই দুর্দান্ত শটে দ্বিতীয় গোল করেন রেইনডার্স।
বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় সিটি। ৬০ মিনিটে রেইনডার্সের দারুণ অ্যাসিস্টে হালান্ড নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। ম্যাচের শেষদিকে বদলি খেলোয়াড় রায়ান শেরকি দূরপাল্লার শটে চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে কোচ গার্দিওলা বলেন, প্রথমার্ধ দারুণ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা ট্রানজিশনে ওদের হারিয়েছি। তবে ওরা অনেক সময় ভালো খেলেছে। সিজনের শুরুতে এটাই স্বাভাবিক। ফলটা ভালো, তবে এর বেশি কিছু না।
মন্তব্য করুন