
রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় দেশের চিকিৎসকদের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১৬ আগস্ট) শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন,
“দেশে যেখানেই চিকিৎসা নিয়েছি, সব জায়গাতেই ভালো সেবা পেয়েছি। তবে আমার প্রশ্ন সব নাগরিক কি এই ভালোবাসাপূর্ণ সেবাটা পাচ্ছেন?”
তিনি অভিযোগ করেন, অনেক চিকিৎসক রোগীর কথা ভালোভাবে না শুনে তাড়াহুড়া করে প্রেসক্রিপশন দেন। এছাড়া অপ্রয়োজনীয় পরীক্ষা ও নির্দিষ্ট ওষুধ কোম্পানির প্রতি পক্ষপাতিত্ব রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “গরিব রোগীদের ১৪-১৫টা টেস্ট দেওয়ার এই অত্যাচার বন্ধ করুন। বড়লোকদের গলা কাটেন সমস্যা নেই, কিন্তু গরিবদের কষ্ট দেবেন না।”
তিনি হাসপাতালের সেবার মান নিয়ে আরও বলেন, “একজন নার্স যদি মাত্র ১২ হাজার টাকা বেতন পান, তবে তিনি কীভাবে হাসিমুখে মানসম্পন্ন সেবা দেবেন?”—এ সময় মালিকদের মুনাফা কিছুটা কমিয়ে সেবার মান উন্নয়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে অযৌক্তিক মুনাফা করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
বিপিএইচসিডিওএর সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।
বক্তারা উল্লেখ করেন, বর্তমানে দেশের দুই-তৃতীয়াংশ স্বাস্থ্যসেবা বেসরকারি খাতের মাধ্যমে দেওয়া হচ্ছে। বছরে ৪-৫ বিলিয়ন ডলার চিকিৎসার জন্য বিদেশে চলে যায় এ খরচ কমাতে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়ন অত্যন্ত জরুরি।
মন্তব্য করুন