
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ঘটনায় দ্রুত প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, আপনাকে এটা বুঝতে হবে, উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারেন। আমরা নীতি প্রণয়ন করতে পারি, মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে প্রশাসন। কিন্তু প্রশাসন হয়তো যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে অথবা দুটোই করেছে।
তিনি আরও বলেন, আমরা নিজেরা ফিল্ডে গিয়েছিলাম কেবল বার্তা দেওয়ার জন্য যে পাথর লুট বন্ধ করতে হবে। গত ১০–২০ বছরে কখনও কোন মন্ত্রীকে সরাসরি স্পটে গিয়ে এমন উদ্যোগ নিতে দেখেছেন? আমরা সেটা করেছি। এর মধ্যেই বোঝা যায়, সরকারের অবস্থান স্পষ্ট।
ভোলাগঞ্জসহ ১৭টি স্থানে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা নীতি নির্ধারণ করেছি। কিন্তু মাঠপর্যায়ে তা কার্যকর করার দায়িত্ব প্রশাসনের। আমরা বারবার প্রশাসনকে বলেছি, লিখেছি। এখন প্রশাসন কীভাবে দায়িত্ব পালন করছে, তার জবাবদিহি তাদেরই করতে হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা খুব দ্রুতই দেখতে পাবেন।
মন্তব্য করুন