
কেয়ার্নসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ আন্তর্জাতিক ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসে দুই উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে তারা নিশ্চিত করল টানা সপ্তম দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ জয়।
১৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড। মাত্র ৭ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৪ রান। দীর্ঘদিন পর ফিফটি পান মার্শ (৩৫ বলে ৫০)। তবে এরপর হঠাৎ করেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। মার্করাম, বশ ও মাপাখার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮ বলে ২২ রান খুইয়ে ১২২/৬ অবস্থায় বিপদে পড়ে স্বাগতিকরা।
ঠিক তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন ‘দ্য বিগ শো’ গ্লেন ম্যাক্সওয়েল। ঠাণ্ডা মাথায় ৩৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শেষ তিন ওভারে দরকার ছিল ২৭ রান। রাবাডার ওভারেই ১৫ রান নিয়ে সমীকরণ সহজ করে দেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে ৯ রান প্রয়োজন হলে লুঙ্গি এনগিডির প্রথম দুই বলে টানা চার হাঁকিয়ে ম্যাচকে অস্ট্রেলিয়ার দিকে টেনে আনেন। শেষমেশ এক বল বাকি থাকতেই রিভার্স-হুক শটে জয় নিশ্চিত করেন এই হার্ডহিটার।
এর আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ধীরে শুরু করলেও ডেওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবসের ঝড়ো জুটি দলকে প্রতিযোগিতামূলক স্কোর এনে দেয়। ব্রেভিস মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন, তবে ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে ফেরেন ৫৩ রানে। নাথান এলিস ৩ ও অ্যাডাম জাম্পা ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি থামান।
শেষ তিন টি-২০ সিরিজ ফাইনালের মতো এবারও শেষ ওভারে হেরে সিরিজ হাতছাড়া করল প্রোটিয়ারা। অন্যদিকে চাপের ম্যাচে আবারও অসাধারণ ফিনিশিংয়ের সামর্থ্য দেখালেন গ্লেন ম্যাক্সওয়েল।
মন্তব্য করুন