
ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নুরুল হাসান সোহানের দল গুটিয়ে যায় ১৪৮ রানে।
টস জিতে আগে ব্যাট করে তিন টপ অর্ডারের ফিফটিতে ৪ উইকেটে ২২৭ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ওপেনার ইয়াসির খান করেন ৬২ রান, খাজা নাফি করেন ৬১ রান এবং আব্দুল সামাদ অপরাজিত থাকেন ৫৬ রানে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি।
জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে জিশান আলম ও সাইফ হাসানের বিধ্বংসী ৮৬ রানের জুটি বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখালেও তা স্থায়ী হয়নি। ৩৩ রানে জিশান আউট হওয়ার পর দ্রুত উইকেট হারিয়ে ফেলে দল। সাইফ হাসান সর্বোচ্চ ৫৭ রান করলেও দলের হার এড়ানো সম্ভব হয়নি। অধিনায়ক সোহান খেলেন ২২ রানের ইনিংস।
পাকিস্তানের হয়ে সাদ মাসুদ ও ফয়সাল আকরাম সমান ৩টি করে উইকেট নেন। এই হারের ফলে টুর্নামেন্টে শুরুর ধাক্কা খেল বাংলাদেশ ‘এ’ দল।
মন্তব্য করুন