
অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি নিতে নেপালে দুই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এ লক্ষ্যে বুধবার (১৩ আগস্ট) ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সবচেয়ে বড় চমক দলে থাকা ইংলিশ লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। আগে শোনা গিয়েছিল, নেপাল সফরে হয়তো তাকে পাওয়া যাবে না। তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লন্ডনে বৈঠকের পর হামজা সবুজ সংকেত দিয়েছেন। এখন তার ক্লাব লেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে।
বুধবার থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। তবে ২৪ জনের মধ্যে প্রথম দিনে রিপোর্ট করেছেন মাত্র ছয়জন—পাপ্পু হোসেন, সুজন হোসেন, রহমত মিয়া, মেহেদী হাসান মিঠু, আরিফ ও সুমন রেজা। অধিনায়ক জামাল ভূঁইয়া বৃহস্পতিবার যোগ দেবেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান।
আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দিলে অনুশীলন শুরু হবে। তবে কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোম এবার দলের সঙ্গে নেই, কারণ সেপ্টেম্বর উইন্ডোতে তার ক্লাবের ম্যাচ রয়েছে।
মন্তব্য করুন