
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) গত ছয় মাসে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তার দাবি, এই সময়ে ৩৩টি ওষুধের দাম কমানো হয়েছে এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকায় ইডিসিএলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমডি বলেন, “আমরা শুধুমাত্র অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে মনোযোগ দিচ্ছি। সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহই আমাদের মূল লক্ষ্য।”
ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ইনট্রাভেনাস ফ্লুইড প্ল্যান্ট কার্যকর হয়েছে। প্রশাসনিক অনুমোদন মিললেই সাধারণ স্যালাইন ও কলেরা স্যালাইন উৎপাদন শুরু হবে। পাশাপাশি টিকা উৎপাদনমুখী জৈবপ্রযুক্তি কারখানা এবং সিরাজদিখানে এফডিএ মানসম্মত আরেকটি কারখানা নির্মাণের কাজ চলছে।
সামাদ মৃধা জানান, কাঁচামাল ক্রয়ে স্বচ্ছতা আনা, অপ্রয়োজনীয় জনবল কমানো এবং উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকায়নের ফলে খরচ কমেছে, যার সুফল জনগণ পাচ্ছে। তিনি আশাবাদী, আগামী ছয় মাসের মধ্যে অধিকাংশ ওষুধের দাম আরও কমানো সম্ভব হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পণ্যের ধরন সাজাচ্ছি। ওষুধের পাশাপাশি জৈব পণ্য ও টিকা উৎপাদনেও বাংলাদেশকে সক্ষম করে তুলব।”
মন্তব্য করুন