
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রয়োজনীয় সংস্কারগুলো জনসম্মুখে স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না। তিনি বলেন, “আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না।”
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর জামায়াত (উত্তর ও দক্ষিণ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তাহের অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রকে অধিকাংশ রাজনৈতিক দল শর্তসাপেক্ষে গ্রহণ করেছে, কিন্তু আইনি ভিত্তি না দেওয়ায় সংস্কারের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, “ঐকমত্য, আইনি মর্যাদা ও কার্যকরকরণ—এই তিন স্তর পূর্ণ না হলে সংস্কার বাস্তবায়ন হয় না। সরকার মুখে স্বীকার করছে, কিন্তু বাকিগুলোতে মানছে না। তাহলে কি ঈমান এসেছে?”
তিনি দাবি করেন, জনগণ ৫৪ বছর ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি। এবারও যদি বিদেশি নকশায় সাজানো ভোট হয়, তবে মানুষ জীবন ও রক্ত দিয়ে তা প্রতিহত করবে।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির সমর্থনে তাহের বলেন, “৭১ শতাংশ মানুষ এই পদ্ধতি চায়। রাজনীতিবিদরা না বুঝলেও জনগণ বোঝে। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার মর্যাদা দিতে হবে।”
জামায়াত নেতা সতর্ক করে বলেন, সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার আলোকেই আইন প্রণয়ন করে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় জনগণ বিতর্কিত নির্বাচনে যাবে না।
মন্তব্য করুন