
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন প্রাইভেটকারচালক জাকির হোসেন ও মিজান (বয়স আনুমানিক ৩৫–৪০ বছর)। মরদেহ দুটির শরীরের কিছু অংশ ইতোমধ্যে পচে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার ভোরে সাদা রঙের প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে এবং এরপর আর সেখান থেকে সরানো হয়নি। সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করতে গিয়ে গাড়ির ভেতরে দুইজনকে দেখতে পান। প্রথমে তিনি তাদের ঘুমিয়ে আছে বলে ধারণা করলেও ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিটও কাজ করছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, প্রাইভেটকারের মালিককে শনাক্ত করা হয়েছে এবং তার কাছ থেকে নিহতদের নাম জানা গেছে। তাদের মৃত্যু কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন