
বাংলাদেশ নারী ফুটবলে আরেকটি নতুন ইতিহাস যোগ হলো। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে আফিদা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
আটটি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলবে। বাংলাদেশ আট গ্রুপের সেরা রানার্স আপের তালিকায় তৃতীয় অবস্থানে থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।
আজ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে ১-৬ গোলে বড় হার তাদের রানার্স আপে নামিয়ে দেয়। এরপর গোল গড় ও অন্যান্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করতে হয় দলকে।
‘ই’ গ্রুপে চীনের বড় জয় এবং বি গ্রুপে ভিয়েতনামের ৩-০ গোলের জয় বাংলাদেশের জন্য সুফল বয়ে আনে। এছাড়া এফ গ্রুপে ইরানের গোল গড় মাইনাস থাকায় ও এ ও ডি গ্রুপের রানার্স আপের পয়েন্ট মাত্র ৪ হওয়ায় বাংলাদেশের মূলপর্বের পথ আরও পরিষ্কার হয়।
বাংলাদেশের পাশাপাশি সেরা রানার্স আপদের তালিকায় রয়েছে চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও জর্ডান। আগামী বছরের মূল পর্বে এই প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের দেখা যাবে, যা দেশের নারী ফুটবলের জন্য আরেকটি বড় অর্জন।
মন্তব্য করুন