
ঢালিউডের সুপারস্টার শাকিব খান প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কিছুদিন পরই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যোগ দেন অভিনেত্রী শবনম বুবলী। তাদের নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চললেও শাকিব ব্যস্ত সময় কাটাচ্ছেন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনায়।
৭ আগস্ট রাতে সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে শাকিব জানান, দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ এবং বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ভরা ঘূর্ণিপাকে। তিনি লিখেছেন “এটা শুধুই নীরবতা নয়, অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো। খুব শিগগিরই ফিরব নতুন কিছু নিয়ে, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক।”
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। সেপ্টেম্বর থেকে তিনি সাকিব ফাহাদ পরিচালিত নতুন সিনেমার শুটিং শুরু করবেন, যার মুক্তি সম্ভাব্য আগামী ডিসেম্বরে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় আরেকটি সিনেমায় অভিনয় করবেন, যা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।
মন্তব্য করুন