
২০১১ থেকে ২০২৩ পুরো ১২ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্ট সামলিয়েছেন ডেভিড ডি গিয়া। ওল্ড ট্রাফোর্ড হয়ে উঠেছিল তার দ্বিতীয় বাড়ি। তবে ২০২৪ সালে স্প্যানিশ এই গোলরক্ষক পাড়ি জমান ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায়।
আজ (শনিবার) এক প্রীতি ম্যাচে সেই পুরোনো ঘরে ফিরেছেন তিনি—তবে ইউনাইটেডের হয়ে নয়, বরং প্রতিপক্ষ ফিওরেন্তিনার হয়ে। ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে এখনো রয়েছে তার বিপুল ভক্তকূল, যারা প্রিয় গোলরক্ষককে আবার মাঠে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।
ম্যানইউ কোচ রুবেন আমোরিমও ডি গিয়ার ফেরাকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন,“সে একজন দুর্দান্ত গোলরক্ষক, এখানকার সবাই তাকে ভালোবাসে। বাড়ি ফেরার জন্য এটি সবসময়ই সুন্দর সময়। আমি মনে করি, সে এটাকে নিজের বাড়ি হিসেবেই অনুভব করবে এবং ভক্তদের সমর্থনও পাবে।”
তবে আমোরিম মনে করিয়ে দিয়েছেন, মাঠে নামার পর বাস্তবতা ভিন্ন। তার ভাষায়, যখন খেলা শুরু হবে, তখন সে অন্যদিকে থাকবে সে একজন প্রতিপক্ষ।
ডি গিয়ার এই ফেরায় আবেগ আর প্রতিযোগিতার মিশেল দেখতে পাচ্ছে ফুটবল বিশ্ব।
মন্তব্য করুন