
আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে এখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না। ভোটের তারিখ তফসিল ঘোষণার প্রায় দুই মাস আগে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সেখানে নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানের চেয়ে আরও উন্নত করা হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচনী কর্মকর্তাদের রদবদল করা হবে।
ভোটারদের অংশগ্রহণে অনীহা এবং নির্বাচন কমিশনের ওপর আস্থা কমে যাওয়া বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, “মানুষের আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারও নির্বাচনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।”
বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়েই এবারও নির্বাচন পরিচালনার কথা উল্লেখ করে সিইসি বলেন, “তাদের ছাড়া নির্বাচন সম্ভব নয়, তাই তাদের সঙ্গেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবে কমিশন।”
ড. মুহাম্মদ ইউনূসের দ্রুত নির্বাচন আয়োজনের আগ্রহের প্রসঙ্গ টেনে তিনি জানান, ভোটের সময় সাংবাদিকরা যেন অবাধে তথ্য সংগ্রহ করতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হবে।
রংপুরে দিনব্যাপী নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে আগামীকাল তিন দিনের সফর শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের।
মন্তব্য করুন