
ঢাকা, ৭ আগস্ট:
মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন গালফ হেলথ কাউন্সিল (GHC) অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর মালিকরা। তারা এসব অনিয়মে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, “দেশের মাত্র কিছু মেডিকেল সেন্টারের দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ওপর।”
তারা জানান, বেশিরভাগ—প্রায় ৯০ শতাংশ মেডিকেল সেন্টার নিয়ম মেনে ও সততার সঙ্গে কাজ করছে। কিন্তু অল্প কিছু প্রতিষ্ঠান ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সরবরাহ করে থাকায় আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে।
সার্টিফিকেট জালিয়াতিতে চারগুণ খরচ!
মালিকদের অভিযোগ, ভুয়া সনদের কারণে সাধারণ কর্মীদের কাছ থেকে নির্ধারিত খরচের চেয়ে চারগুণ পর্যন্ত বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিদেশে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ছেন।
শ্রমবাজার ঝুঁকিতে
সংবাদ সম্মেলনে বলা হয়, এই অনিয়ম অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ কিছু দেশের শ্রমবাজার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
সরকারকে কার্যকর পদক্ষেপের আহ্বান
মালিকপক্ষ সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ছাড়া শ্রমবাজার রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে তারা মন্তব্য করেন।
মন্তব্য করুন