
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই আদেশ দেন।
শেরেবাংলা নগর থানায় দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে, আদালত তা মঞ্জুর করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন—নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এবং মো. সাদিক।
আদেশে বলা হয়, আসামিরা বর্তমানে পলাতক এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
গত ২২ জুন বিএনপি অভিযোগ করে, বিগত সরকার ও নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করেছে। মামলায় ফৌজদারি দণ্ডবিধির ১২৪(ক), ৪২০ ও ৪০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলায় সাবেক তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ (২০১৪), কেএম নূরুল হুদা (২০১৮) ও কাজী হাবিবুল আউয়াল (২০২৪)—সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক পাঁচ আইজিপি এবং নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাকে আসামি করা হয়।
এই মামলায় এরই মধ্যে কেএম নূরুল হুদাকে গ্রেফতার করে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এছাড়া, কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন