
ঢাকা, ৬ আগস্ট:
বিগত এক বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম ও অর্জনসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরতে প্রেস ব্রিফিং ডেকেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বুধবার (৬ আগস্ট) তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বিগত এক বছরে স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, নীতিমালা বাস্তবায়ন, চিকিৎসা সুবিধার সম্প্রসারণ এবং স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সরকারের নেওয়া পদক্ষেপসমূহ সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ব্রিফিংয়ে রিংয়ের দাম কমানো, সরকারি হাসপাতালে সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যখাতে দুর্নীতিবিরোধী কার্যক্রমসহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের বিস্তারিত তুলে ধরা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে নানা আলোচনার প্রেক্ষাপটে এই ব্রিফিং আয়োজন করা হলো বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন