
শুরুটা যেমন ছিল, শেষটাও তেমনি করলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি দিয়ে যাত্রা শুরু করেছিলেন, আর শেষ টেস্টেও শতরান করলেন এই প্রতিভাবান ভারতীয় ব্যাটার।
গাস অ্যাটকিনসের ডেলিভারিকে পয়েন্টে ঠেলে তিন অঙ্কের ঘরে পৌঁছে নিজের ট্রেডমার্ক উদযাপনে মেতে ওঠেন জয়সওয়াল। নন-স্ট্রাইক প্রান্ত ছুঁয়ে শূন্যে লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে উদযাপন করেন। এরপর ওভালে খেলা দেখতে আসা বাবা-মা ও ভাইয়ের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে হৃদয় আকাঁর ইশারায় জানান দেন তার ভালোবাসা।
২৩ বছর বয়সী এই ব্যাটারের এটি চলতি জেমস অ্যান্ডারসন-শচীন টেন্ডুলকার ট্রফিতে দ্বিতীয় সেঞ্চুরি হলেও, ইংল্যান্ডের বিপক্ষে তার এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। আর সামগ্রিকভাবে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতরান।
জয়সওয়ালের এই সেঞ্চুরির মাধ্যমে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছে ভারত। এক সিরিজে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ১২টি সেঞ্চুরির কীর্তিতে নাম লিখিয়েছে রোহিত শর্মার দল। চলমান সিরিজে অধিনায়ক শুবমান গিল হাঁকিয়েছেন সর্বোচ্চ ৪ সেঞ্চুরি। জয়সওয়াল নিজে করেছেন ২টি। এছাড়া ঋষভ পন্ত ও লোকেশ রাহুল করেছেন ২টি করে, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর করেছেন ১টি করে সেঞ্চুরি।
তবে এক সিরিজে ১২ সেঞ্চুরির এই রেকর্ডে ভারত এককভাবে শীর্ষে নয়। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেও এই রেকর্ড ভাগাভাগি করতে হচ্ছে তাদের।
সবচেয়ে আগে এই কীর্তি গড়ে অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ টেস্টের সিরিজে ১২টি সেঞ্চুরি করেছিলেন অজিরা। এরপর ১৯৮২-৮৩ মৌসুমে ভারতের বিপক্ষে ৬ টেস্টের সিরিজে ১২ সেঞ্চুরি করে পাকিস্তান। আর দক্ষিণ আফ্রিকা ২০০৩-০৪ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ টেস্টের সিরিজে এই কীর্তি গড়ে।
এবার সেই তালিকায় জায়গা করে নিল ভারত।
ভারতীয় ব্যাটারদের ধারাবাহিকতা, লম্বা ইনিংস খেলার সামর্থ্য এবং উইকেটে নিজেদের আধিপত্যেরই ফলাফল এই ঐতিহাসিক অর্জন। বিশেষ করে যশস্বী জয়সওয়াল, যিনি পাঁচ টেস্টেই ছিলেন অবিচল, তার উদযাপনের সঙ্গে মিশে থাকল ভারতের এই স্মরণীয় মুহূর্ত।
মন্তব্য করুন