
রেনাল অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সেমিনারে অধ্যাপক শাহিনুল আলম বলেন, “রোগীর স্বার্থকে অগ্রাধিকার না দিলে ফার্মা-প্রোগ্রামে অংশগ্রহণ অনৈতিক” ওষুধ শিল্পের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক নৈতিকতার মানদণ্ডে উন্নীত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সিকেডি রোগীদের জীবনমানের উন্নয়ন: প্রুরিটাস ও এমবিডি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে ‘ওষুধ শিল্প-সম্পর্কিত সেমিনারে অংশগ্রহণ: নৈতিকতা, একাডেমিক সততা ও পেশাগত দায়িত্বের ভারসাম্য’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শাহিনুল আলম।
তিনি বলেন, “ফার্মাসিউটিক্যাল কোম্পানির সৌজন্যে আয়োজিত সেমিনার, কনফারেন্স বা অন্যান্য প্রোগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণ করা উচিত কি না—তা নিয়ে এখনই গভীর আলোচনা প্রয়োজন। কেবলমাত্র রোগীর স্বার্থ, চিকিৎসা শিক্ষা এবং গবেষণার অগ্রাধিকারের ভিত্তিতে এসব প্রোগ্রামে অংশ নেওয়া উচিত। ব্যক্তিগত স্বার্থে অংশগ্রহণ করা নৈতিকতার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়।”
ভিসি আরও বলেন, “চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও নৈতিকতা কখনোই বিপন্ন করা যাবে না। অনেক মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। তাই সস্তা কিন্তু কার্যকরী ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক গড়ে তুলতে হবে। এ সম্পর্ক হতে হবে স্বচ্ছ, নৈতিক এবং রোগীবান্ধব।”
সেমিনারে তিনি আরও বলেন, “ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাথে চিকিৎসকদের সম্পর্কের পেছনে কোনো গোপন আর্থিক লেনদেন, স্বার্থসংশ্লিষ্টতা বা জনস্বার্থবিরোধী উদ্দেশ্য থাকলে সেই প্রোগ্রামে অংশ নেওয়া অনৈতিক। চিকিৎসকদের সতর্ক থাকতে হবে, তারা যেন ব্যক্তিগত স্বার্থে নয়, রোগীর কল্যাণে এসব আয়োজনে অংশ নেন।”
সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. গোলাম মাহবুব সিকদার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ ডকুমেন্টারি উপস্থাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস বলেন, “চিকিৎসা পেশায় নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা চলবে না। রোগীর স্বার্থই চিকিৎসকদের চূড়ান্ত বিবেচ্য।”
অনুষ্ঠানে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. আব্দুল মুকিত, অধ্যাপক ডা. ধ্রুব দাস, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী, ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা. এনামুল কবির, ডা. আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন