
২৩ জুলাই ২০২৫,উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে ভর্তি হওয়া রোগীদের জন্য পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নাসির উদ্দিন।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন, ১৩ জন গুরুতর, এবং ২৩ জন মাঝারি পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।
ডা. নাসির উদ্দিন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। বোর্ড মিটিংয়ের মাধ্যমে আহতদের নতুনভাবে শ্রেণিবিন্যাস (ক্যাটাগরাইজ) করা হয়েছে, এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা হয়েছে। তিনি সরাসরি রোগীদের চিকিৎসা না করলেও আমাদের চিকিৎসা পরিকল্পনায় মতামত দিয়েছেন। তার সুপারিশের আলোকে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি।
তবে এখনই কোনো রোগীকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলে জানান পরিচালক। তিনি বলেন, বার্ন ম্যানেজমেন্ট একটি ডায়নামিক প্রক্রিয়া। রোগীর অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হতে পারে। তাই ১২ ঘণ্টা পরপর সিনিয়র চিকিৎসকদের নিয়ে বোর্ড মিটিং হবে এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু ও বৃদ্ধরা বেশি বার্নেবল (ঝুঁকিপূর্ণ)। আমরা তাদের জন্য বিশেষ পর্যবেক্ষণ ও নিয়মিত চিকিৎসা নিশ্চিত করছি।
ভারত থেকে একটি মেডিকেল টিম আসছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে। আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না।
মন্তব্য করুন