
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ক্যান্সার রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই শিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
নতুন চালু হওয়া এই শিফটে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেডিওথেরাপি সেবা দেওয়া হবে। এর ফলে প্রতিদিন আরও ২৫ জন রোগী এই সেবার আওতায় আসবেন। আগে সকালের শিফটে (সকাল ৮টা থেকে ২টা ৩০ মিনিট) গড়ে ৪০-৪৫ জন রোগী রেডিওথেরাপি সেবা গ্রহণ করতেন। নতুন শিফট চালুর ফলে এখন প্রতিদিন প্রায় ৬৫-৭০ জন রোগী সেবা নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় শিফট চালুর মাধ্যমে মাসিক ভিত্তিতে অতিরিক্ত ৬০০-৭০০ রোগী সেবার আওতায় আসবেন। এর ফলে মোট মাসিক সেবাগ্রহীতার সংখ্যা ১৭০০ থেকে ১৮০০–তে উন্নীত হবে।
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রয়েছে রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিস্ট ও টেকনোলজিস্টদের সমন্বয়ে গঠিত এক সুদক্ষ টিম, যারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, দ্বিতীয় শিফট চালু হওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সন্ধ্যার পরেও প্রাণবন্ত থাকবে। রেসিডেন্ট শিক্ষার্থীদের জন্য এটি বড় সুযোগ। এতে চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে।
তিনি আরও জানান, নতুন ফ্যাকাল্টি নিয়োগের সম্ভাবনা তৈরি হওয়ায় সেবার মানও বহুগুণে উন্নত হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ একে বিএমইউ-এর “বড় অর্জন” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ ভবিষ্যতে একটি রোল মডেলে পরিণত হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই শিফট চালু আমাদের রোগীকেন্দ্রিক প্রতিশ্রুতি বাস্তবায়নেরই অংশ।
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সৈয়দ আকরাম হোসেন জানান, সীমিত সম্পদ ব্যবহার করে বিভাগটিকে ঢেলে সাজানো হচ্ছে। দেশে প্রথমবারের মতো অর্গান বেইসড ট্রিটমেন্ট চালুসহ বিশ্বমানের চিকিৎসা গাইডলাইন তৈরি করা হয়েছে।
মন্তব্য করুন