
নাটোর প্রতিনিধি ▪ ১২ জুলাই ২০২৫- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ তুলে বিএনপিকে বিতর্কিত এবং চাঁদাবাজ হিসেবে প্রমাণ করতে চায়। তিনি বলেন, “বিগত ১৫ বছরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো মজলুম, কারণ তারা এখনো নিপীড়নের শিকার।”
শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোর জেলা শ্রমিক দল আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও শহীদদের স্মরণে’ এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, “বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজি বা মাস্তানিকে প্রশ্রয় দেয় না। ঢাকায় এক ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের সংশ্লিষ্টতা ছিল, দলের নির্দেশে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
তিনি বলেন, “৫ আগস্টের আগেও কর্মসূচিতে লোক পাওয়া যেত না, আর ৫ আগস্টের পর মঞ্চে জায়গা পাওয়া যায় না। বিএনপি গণমানুষের দল, এখানে অন্যায়কারীর কোনো স্থান হবে না।”
শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে দুলু বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকারকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। বাজারমূল্য বিবেচনায় বেতন কাঠামো নির্ধারণ করা হবে।”
জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্মরণ করে তিনি বলেন, “আন্দোলনের সময় আহত ছাত্রদের অনেকে শ্রমিকরাই হাসপাতালে নিয়ে গিয়েছিল। এই শ্রমিকদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।”
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন