
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার মব জাস্টিসকে কখনোই বরদাশত করে না এবং এসব ঘটনায় সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “গত তিন-চার মাসে যেখানে মব জাস্টিসের খবর পেয়েছি, সেখানেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আর কোনো আসামি ছাড়া পাবে না।”
শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণের মাধ্যমে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
বক্তব্যে রিজওয়ানা হাসান আরও বলেন, “সরকার আদালতের নির্দেশকে সম্মান করে। মধুমতি মডেল টাউনও আদালতের রায়ে অবৈধ ঘোষিত হয়েছে। বিজিএমই ভবনের মতো এটিও উচ্ছেদ হবে। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক ইতিমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করেছে।”
সাভারের পরিবেশদূষণ ইস্যুতে তিনি বলেন, “অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হয়েছে। গত ১১ মাসে যা করা সম্ভব ছিল, তার চেয়েও বেশি করেছি। বেশির ভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ জুন-জুলাই-আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। হাতে গোনা ৬-৮টি থাকবে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত। আমি কোনো সুযোগ দেখছি না এগুলোর রিনিউ করার।”
তিনি আরও জানান, “আমরা তালিকা ধরে কাজ করছি। মেয়াদোত্তীর্ণ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদসহ সাভার উপজেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন