
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশকে লক্ষ্য তাড়া করতে হবে ২৮৬ রান।
প্রথম দুই ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলা কুশল মেন্ডিস আজও ছিলেন দুরন্ত ছন্দে। মাত্র ৯৫ বলে তুলে নেন সেঞ্চুরি, শেষ পর্যন্ত ১২৪ রান করেন ১১৪ বলে, যেখানে ছিল ১৮টি চার। একপ্রান্ত আগলে রেখে ইনিংসের ভিত গড়ে দেন তিনি। তাকে থামান বাংলাদেশের পার্টটাইম বোলার শামীম হোসেন পাটোয়ারী, নিজের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে।
মেন্ডিসের সঙ্গে ১০০ রানেরও বেশি জুটি গড়েন অধিনায়ক চরিত আসালাঙ্কা। তিনি করেন ৫৮ রান, তাকে ফেরান তাসকিন আহমেদ। এর আগে দ্বিতীয় উইকেটে নিসাঙ্কার সঙ্গে অর্ধশত রানের জুটি গড়েন মেন্ডিস। নিসাঙ্কা করেন ৩৫ রান, তানভীর ইসলামের স্পিনে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন।
ইনিংসের শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১৩ রানে প্রথম উইকেট হারায়, যখন নিশান মাদুশকা তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ দেন। এরপর একে একে কামিন্দু মেন্ডিস (১৬), জানিথ লিয়ানাগে (১২) এবং আসালাঙ্কা ফিরলেও মেন্ডিস একপ্রান্ত ধরে রেখে দলকে বড় সংগ্রহ এনে দেন।
ইনিংসের শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা অপরাজিত ১৮ এবং চামিরা ১০ রান করে দলের সংগ্রহ বাড়াতে সহায়তা করেন। নির্ধারিত ৫০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৮৫ রান।
তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন নেন ১টি করে উইকেট।দুই দলের মধ্যে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। এই ম্যাচ জিতলেই সিরিজের মালিকানা যাবে যে কারও ঘরে। বাংলাদেশের ব্যাটারদের সামনে এখন চ্যালেঞ্জ উচ্চ চাপে মেন্ডিসের করা ইনিংসের জবাব কীভাবে দেওয়া যায়।
মন্তব্য করুন