
ফেনী, ৮ জুলাই: গত ২৪ ঘণ্টায় ফেনী জেলায় রেকর্ড ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। টানা বৃষ্টিপাত এবং ভারতীয় উজান থেকে নেমে আসা পানির ফলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানিয়েছেন, মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। তিনি সতর্ক করে বলেন, “এভাবে পানি বাড়তে থাকলে জেলার কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে সতর্কতা জারি করা হয়েছে।”
সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, শাহীন একাডেমি, নাজির রোড, মিজান রোড, পাঠানবাড়ী, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকা পানিতে তলিয়ে গেছে। নিচু সড়কগুলোতে পানি জমে চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, বাসাবাড়িতে পানি প্রবেশ করে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, টানা দুই দিন ধরে জেলায় মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী ২–৩ দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি দ্রুত নামবে। পৌরসভার ৭টি টিম মাঠে কাজ করছে। অস্বাভাবিক বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নাগরিক দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি ড্রেনেজ ও নগর ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন