
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পেশাজীবীদের জন্য গোল্ডেন ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এবার পাইলট প্রকল্প হিসেবে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য মনোনয়ন-ভিত্তিক নতুন এক ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে দেশটি।
সাধারণত সম্পদ, ব্যবসা বা রিয়েল এস্টেটে বিপুল বিনিয়োগকারীদের জন্যই গোল্ডেন ভিসা পাওয়া যেত আমিরাতে। তবে নতুন এই পদক্ষেপে ভিসা পাওয়ার শর্ত শিথিল করা হয়েছে, যার ফলে আরও বেশি পেশাজীবী ও সৃজনশীল মানুষ এই ভিসার আওতায় আসতে পারবেন।
এই নতুন কর্মসূচিতে নার্স, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যক্ষ, কনটেন্ট নির্মাতা (যেমন ইউটিউবার, পডকাস্টার), ই-স্পোর্টস পেশাজীবী, বিলাসবহুল ইয়ট মালিক, মেরিটাইম নির্বাহীসহ বিভিন্ন পেশার মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন। ১৫ বছরের অভিজ্ঞ নার্স ও ২৫ বছরের বেশি বয়সী ডিজিটাল কনটেন্ট নির্মাতারাও এই সুযোগ পাবেন।
এছাড়া বিনিয়োগকারী, উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী, বিজ্ঞানী ও কর্পোরেট নির্বাহীরাও এই ভিসার আওতায় থাকছেন।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) জানিয়েছে, মনোনয়নভিত্তিক এই গোল্ডেন ভিসা আজীবনের জন্য বৈধ থাকবে। এর জন্য আবেদনকারীদের ১ লাখ আমিরাতি দিরহাম (প্রায় ৩৩ লাখ ৩০ হাজার টাকা) ফি দিতে হবে।
প্রাথমিকভাবে আগামী তিন মাসের মধ্যে ৫ হাজারের বেশি ভারতীয় নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একইভাবে বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক পেশাজীবী এই সুযোগ গ্রহণ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
বিশ্বের ধনবান ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতেই ইউএই ২০১৯ সালে গোল্ডেন ভিসা চালু করেছিল। তখন মূলত রিয়েল এস্টেট খাতে বড় বিনিয়োগকারীরা ভিসা পেতেন। ২০২২ সালে এই ভিসার বিনিয়োগের ন্যূনতম সীমা কমিয়ে ২০ লাখ দিরহাম নির্ধারণ করা হয়।
এবার আরও একধাপ এগিয়ে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছাড়াই দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে ভিসা প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটি।
নতুন গোল্ডেন ভিসাধারীরা সংযুক্ত আরব আমিরাতে আবাসনের সুযোগ পাবেন সহজ শর্তে। কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার মান উন্নত হওয়ায় ইউএই ইতোমধ্যে প্রবাসীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আমিরাতের এ সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পেশাজীবীদের জন্য এক যুগান্তকারী সুযোগ তৈরি করবে। বাংলাদেশের নার্স, শিক্ষক ও কনটেন্ট নির্মাতাদের মধ্যপ্রাচ্যে পেশাগত পরিসর আরও বড় হওয়ার সম্ভাবনা তৈরি হলো।
মন্তব্য করুন