
জুলাই আহতদের শরীরে রয়ে যাওয়া পিলেট অপসারণ অযোগ্য: পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান
ঢাকা, ৫ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শরীরে রয়ে যাওয়া বুলেট ও পিলেট অপসারণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। শনিবার (৫ জুলাই) রাজধানীর পান্থপথে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “অনেকের শরীরে ১০০ থেকে ২০০টি পর্যন্ত পিলেট রয়েছে। সেগুলো অপসারণ করতে গেলে ক্ষতির আশঙ্কা বেশি, তাই শরীরে রেখেই চিকিৎসা চালানো হচ্ছে।”
ডা. সায়েদুর রহমান বলেন, “দেশের চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ চেষ্টা দিয়েই আহতদের সেবা দেওয়া হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা।” তিনি জানান, অনেক আহত নিরাপত্তাহীনতায় ভুগে হাসপাতাল ছাড়তে চায় না। তাদের মানসিক ট্রমা ও সামাজিক নিঃসঙ্গতার বিষয়টি মাথায় রেখেই ভবিষ্যৎ পুনর্বাসন পরিকল্পনা করা জরুরি।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও বলেন, “আমরা সরকারি ও বেসরকারি চাকরির মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করেছি। কিন্তু আহতদের অনেকে বেসরকারি চাকরি নিতে অনাগ্রহী। তারা সরকারি চাকরি, তাও উচ্চ পর্যায়ের প্রত্যাশা করে। ফলে চাকরি মেলালেও অনেকে আর যোগাযোগ করেন না।”
সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, “জুলাই আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া ছিল একটি ভুল সিদ্ধান্ত। স্বাস্থ্য, সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হতো।” তিনি বলেন, “সমন্বিত ও জাতীয় পর্যায়ের এমআইএস ব্যবস্থা থাকলে আহতদের সঠিক পুনর্বাসন ও সেবা নিশ্চিত করা সম্ভব হতো।”
সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য ও প্রতিনিধিরা, যারা আহতদের সম্মানজনক পুনর্বাসনের জন্য উদ্যোক্তা সহায়তা, কর্মসংস্থান ও মনোসামাজিক সেবার দাবি জানান।
মন্তব্য করুন