
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তার দল জাতীয় নির্বাচনে অংশ নেবে না। বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র তৃতীয় দিনের পথসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার মতে, “এই নির্বাচন সাধারণ মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, যদি না জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হয়।”
পথসভায় তিনি সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা এখনও ঘাপটি মেরে আছে, ফলে আমাদের কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণ ঘটে।” গণঅভ্যুত্থনের যোদ্ধাদের নিরাপত্তাহীনতা তুলে ধরে তিনি সরকারের দায়িত্বহীনতার অভিযোগও আনেন।
দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংবিধান পরিবর্তনের দাবি তুলে বলেন, “বর্তমান সংবিধান একদলীয় ফ্যাসিবাদী চরিত্র বহন করে, যা নতুন বাংলাদেশ গড়ার পথে প্রধান অন্তরায়।” আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “দেশে আমরা আর চাঁদাবাজি, দখলদারিত্ব বা দুর্নীতিপরায়ণ সরকারি আচরণ দেখতে চাই না।”
সভায় উপস্থিত অন্যান্য নেতারাও রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক জবাবদিহিতা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন। এনসিপির দাবি, ‘জুলাই পদযাত্রা’তে জনসাধারণের ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা প্রমাণ করে— মানুষ সত্যিকারের পরিবর্তন চায়।
মন্তব্য করুন