
ঢাকা | ৩ জুলাই ২০২৫ বাংলাদেশে ডেঙ্গু মোকাবিলায় আরও একধাপ অগ্রগতি হলো চীন সরকারের সহযোগিতায়। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চীন সরকারের পক্ষ থেকে ১৯ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কম্বো কিট হস্তান্তর করা হয়।
এই কিটগুলো একসঙ্গে NS1, IgG ও IgM পরীক্ষা করতে সক্ষম, যা ডেঙ্গু শনাক্তে তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, দেশে ডেঙ্গুর হটস্পটগুলোতে দ্রুত সাড়া দিতে স্বাস্থ্য অধিদপ্তর অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক ও কিট পাঠাচ্ছে। তিনি বলেন,
“আজ চীন সরকার যে কিট দিলো, সেটিও আমাদের সম্মিলিত প্রস্তুতির অংশ। এই ধরনের দ্রুত শনাক্তকরণ ব্যবস্থার ফলে রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন,
“ডেঙ্গুর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম। যেখান থেকে প্রকৃত উৎস ছড়ায়, সেখানেই নজর দিতে হবে। যার যার দায়িত্ব ঠিকমতো পালন করলে পরিস্থিতি সহজে সামাল দেওয়া যাবে।”
ডা. সায়েদুর জানান, মুগদা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি রাখা হয়েছে। তবে সাধারণ মানুষ উপসর্গ দেখলে যেন সময়মতো হাসপাতালে আসে, সেজন্য সচেতনতা জরুরি।
“চারটি ভাইরাস—ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও আরও কিছু ভাইরাস একসঙ্গে দেখা যাচ্ছে। মানুষ অনেক সময় বাড়িতে থেকেই পরিস্থিতি জটিল করে ফেলছেন। দেরিতে হাসপাতালে এলে চিকিৎসার জটিলতা বাড়ছে।”
চীন সরকারের এই সহায়তা শুধু ডেঙ্গু কিটে সীমাবদ্ধ নয় বলে জানিয়েছেন তিনি।
“স্বাস্থ্যখাত নিয়ে চীনের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। শুধু কিট নয়, বড় হাসপাতাল, ইলেকট্রো-মেডিকেল ইক্যুইপমেন্ট, রোবোটিক প্রযুক্তি, ভ্যাকসিন সক্ষমতা—সবকিছু নিয়েই আলোচনা চলছে। এগুলো অল্প সময়ের মধ্যে দৃশ্যমান হবে না, তবে এগিয়ে যাচ্ছে।”
এই উদ্যোগে বাংলাদেশ-চীন সম্পর্কের দৃঢ়তা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি—দুই-ই একসঙ্গে এগিয়ে চলেছে বলেও উল্লেখ করেন বিশেষ সহকারী।
মন্তব্য করুন