জামোরা, স্পেন |৩ জুলাই ২০২৫ ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়েগো জোতা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার সঙ্গে একই গাড়িতে থাকা ভাই আন্দ্রে সিলভাওও প্রাণ হারিয়েছেন।
স্প্যানিশ প্রদেশ জামোরা’র সানাব্রিয়া এলাকায় বৃহস্পতিবার (স্থানীয় সময় রাত ১২:৪০ মিনিট) এই দুর্ঘটনাটি ঘটে।
২৮ বছর বয়সী জোতা সদ্যসমাপ্ত মৌসুমে ক্লাব লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগাল দলের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতেন। এই দুই শিরোপা জয়ের স্মৃতি নিয়ে তিনি ছুটি কাটাচ্ছিলেন। কিন্তু ভাগ্য যেন ভিন্ন পরিণতির জন্য অপেক্ষায় ছিল।
স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, জোতা নিজেই ল্যাম্বরগিনি গাড়ি চালাচ্ছিলেন এবং তার সঙ্গে ছিলেন ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে, যিনি নিজেও একজন পেশাদার ফুটবলার ছিলেন। গাড়িটি একটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে ছিটকে পড়ে। এরপর গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার সময় আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা ১১২ নম্বরে ফোন করলেও গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে এবং দুই ভাইকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন জোতা। তাদের রয়েছে তিনটি সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবিগুলো এখন যেন আরও করুণ হয়ে উঠেছে এই আকস্মিক মৃত্যুতে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে,
“আমরা দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের প্রতি সম্মান জানাতে আমরা প্রতিদিন সর্বোচ্চ চেষ্টা করব।”
লিভারপুল, উলভসসহ সাবেক ক্লাব ও সতীর্থরাও সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছে। ইংলিশ ক্লাব লিভারপুল এক বিবৃতিতে বলেছে,
“একজন অসাধারণ ফুটবলার, দারুণ সতীর্থ এবং একজন মহান মানুষকে হারালাম আমরা।”
২০২০ সালে উলভস থেকে ৪১ মিলিয়ন ইউরো ট্রান্সফারে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। অলরেডদের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও দুটি কারাবাও কাপ।
জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে অংশ নিয়ে পর্তুগালকে এনে দিয়েছেন নেশন্স লিগ ট্রফি।
ফুটবল বিশ্ব একজন প্রতিশ্রুতিশীল ও পরিপূর্ণ ফরোয়ার্ডকে হারাল— এবং একজন তরুণ পিতার অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে গেছে লাখো ভক্তের হৃদয়।
মন্তব্য করুন