
রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় পরীক্ষামূলকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালু হবে। শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।
অটোরিকশা চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে ডিএনসিসি। আসিফ মাহমুদ বলেন, “অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্যান্য হয়রানির শিকার না হন, সেই ব্যবস্থাও করা হবে।”
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই রিকশা সড়কে চলবে। “প্রথম ধাপে এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান করা হবে। এছাড়া অনুমোদিত চার্জিং পয়েন্ট স্থাপনে কাজ চলছে।”
আসিফ মাহমুদ বলেন, “লাইসেন্সিং সিস্টেমে আনার মাধ্যমে রিকশাচালকদের নাগরিক মর্যাদা নিশ্চিত করা হবে। তারা আর অবৈধ হিসেবে বিবেচিত হবেন না এবং হয়রানিমূলক শাস্তি থেকে রক্ষা পাবেন।”
তিনি আরও জানান, ই-রিকশার লাইসেন্স এবং গাড়ির নিবন্ধন অনলাইনে হবে। দুর্নীতি প্রতিরোধে থাকবে রিকশা অ্যাপস, ওয়েবসাইট এবং কিউআর কোড। এ ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক পুলিশ সহজেই তথ্য সংগ্রহ করতে পারবে।
উপদেষ্টা বলেন, “গত ঈদের সড়ক দুর্ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, ৩২ শতাংশ দুর্ঘটনার পেছনে অটোরিকশা দায়ী। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই কার্যক্রম শুরু করা হয়েছে।”
অনুষ্ঠানের আগে নগর ভবনের নিচতলায় নতুন ডিজাইনের ব্যাটারিচালিত রিকশার প্রদর্শনী পরিদর্শন করেন উপদেষ্টা। তিনি বলেন, “এটি একটি যুগান্তকারী উদ্যোগ। সব জটিলতা সত্ত্বেও আমরা সবার সহযোগিতায় এটি বাস্তবায়ন করছি।”
এই উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো, রিকশাচালকদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
মন্তব্য করুন