
মায়ের হঠাৎ অসুস্থতার কারণে এইচএসসির প্রথম দিনের পরীক্ষা মিস করেছে রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা আনিসা ব্যাপকভাবে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সংকটময় পরিস্থিতি পেরিয়ে আগামীকাল (রোববার) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে সে।
শনিবার (২৮ জুন) আনিসা জানান, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেবে। তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা ও কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
আনিসার মা বলেন, “আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল পরীক্ষায় অংশ নেবে। সে ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।” তিনি আরও জানান, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে মিরপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসার পর সেদিন রাতেই তাকে বাসায় আনা হয়।
কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার পর আমরা সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি খোঁজখবর নেন এবং আনিসার সঙ্গে কথা বলেন। আনিসা আমাদের জানিয়েছে, বাকি পরীক্ষাগুলো সে যথাসময়ে দেবে।”
এ বিষয়ে বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, “ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে শুরু হয় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন অনুপস্থিত ছিল প্রায় ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জন। পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।
মন্তব্য করুন