
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৩২৬ জন। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১১৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৯ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৪৯ জন।
২০২৫ সালের ২৫ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন