
ঠাকুরগাঁও, শুক্রবার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণঅভ্যুত্থানের সময় আত্মত্যাগকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “তাদের আত্মত্যাগ আমাদের জন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।”
তিনি বলেন, “গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে নতুনভাবে এগুলো গড়ে তোলার। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এ কাজ করতে হবে। ক্রীড়া অঙ্গনকেও রাজনীতিমুক্ত করা জরুরি।”
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক খেলা আনার সম্ভাবনা নিয়ে মির্জা ফখরুল বলেন, “ইন্টারন্যাশনাল টিমের খেলা ঠাকুরগাঁওয়ে আনা সম্ভব হলে এখানকার খেলোয়াড়দের মান বাড়বে। আমাদের ক্রীড়া অঙ্গনকে রক্ষা করতে হবে এবং নতুনভাবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস এবং ছাত্রদলের সভাপতি মো. কায়েস।
দেশ ও ক্রীড়া অঙ্গন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এই কাজের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”
মন্তব্য করুন