
ঢাকা, বৃহস্পতিবার:
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শেষে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে আলোচনা করেছি। সংবিধানের ৪৮ এর ১ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে সংশোধনের চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।”
প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে সংলাপে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অধ্যাপক রিয়াজ জানান, “দুই মেয়াদের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না— এ বিষয়ে কিছু দল মতামত দিয়েছে।” বিষয়টি নিয়ে আলোচনা চলবে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।
দ্বিকক্ষ আইনসভা গঠনের প্রস্তাব নিয়ে বেশিরভাগ দল একমত হয়েছে। ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠনের ধারণা নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
অমীমাংসিত বিষয়ে অধ্যাপক রিয়াজ বলেন, “যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, সেগুলো আমরা ইতিবাচকভাবে বিশ্লেষণ করব। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য আমরা আশাবাদী।”
জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার পরবর্তী ধাপ শুরু হবে আগামী রোববার সকাল সাড়ে ১০টায়। সেখানে অমীমাংসিত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আলোচনা চালানো হবে।
এই সংলাপের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের একটি নতুন অধ্যায় শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন