
ইসলামাবাদ, ১৬ জুন: ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি রবিবার (১৬ জুন) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম।
সীমান্ত বন্ধে ক্ষতিগ্রস্ত হবেন দৈনিক মজুরি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। এই সীমান্তগুলো দিয়ে সাধারণত ফল, শাকসবজি এবং গৃহস্থালির জিনিসপত্রের মতো ছোটখাটো পণ্য কেনাবেচা করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ থাকবে। আতাউল মুনিম জানান, রবিবার প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থীর দেশে ফেরার কথা রয়েছে।
গত অর্থবছরে পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২.৮ বিলিয়ন ডলার। উভয় দেশ এই পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে এবং এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্ত কার্যক্রম পুনরায় চালু হবে কিনা, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আলজাজিরা, বিবিসি।
মন্তব্য করুন