
ঢাকা, ১৫ জুন: নেপালের জলবিদ্যুৎ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সরবরাহ শুরু হয়েছে। ভারত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে নেপাল থেকে আসা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। আগামী পাঁচ মাস—১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, শনিবার (১৪ জুন) রাত ১২টার পর থেকে নেপাল থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে। বর্ষা মৌসুমে নেপালে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হওয়ায় এ সময়ের জন্য বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি চূড়ান্ত করতে কাঠমান্ডুতে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এতে অংশ নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড। চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ নেপাল থেকে দেশে আসা প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা। এ বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশের জ্বালানি খাতে বৈচিত্র্য আনবে বলে আশা করা হচ্ছে।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পিডিবি কর্মকর্তারা।
মন্তব্য করুন