
আগামীকাল জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং এনবিআরবহির্ভূত খাত থেকে ১৯ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হতে পারে। করবহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হতে পারে ৪৬ হাজার কোটি টাকা।
অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা এবং এডিপি (উন্নয়ন ব্যয়) ধরা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হতে পারে, যার মধ্যে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ২১ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫ হাজার কোটি টাকা।
এছাড়া বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের আশাবাদ ব্যক্ত করতে পারেন অর্থ উপদেষ্টা। এই আর্থিক পরিকল্পনা জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রথমে বাজেট বক্তৃতা বিকেল ৪টায় সম্প্রচারের কথা বলা হলেও নতুন সরকারি বিবরণীতে নিশ্চিত করা হয়েছে যে, এটি বিকেল ৩টায় সম্প্রচার করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের এই বাজেট বক্তৃতা দেশীয় অর্থনীতির ভবিষ্যৎ নির্দেশনা হিসেবে গুরুত্ব পাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
মন্তব্য করুন