
টোকিও, ২৮ মে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, দেশের জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে যেকোনো সময় অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ মে) টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, অধ্যাপক ইউনূস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তারো আসো অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছি: প্রথমত, প্রয়োজনীয় সংস্কার; দ্বিতীয়ত, ন্যায়বিচারের আওতায় হত্যাকারীদের বিচার; এবং তৃতীয়ত, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
তিনি আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
অধ্যাপক ইউনূস বলেন, “আগের সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তরুণ প্রজন্মকে এর বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা মেরামত করতে তরুণরা আমাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছে।”
তিনি আরও জানান, গত ১০ মাসে জাপান বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে।
মন্তব্য করুন