
ঢাকা, ২৭ মে: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুসারে, আজ মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে, যা প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫৬ কোটি ২২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ মে পর্যন্ত মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিপিএম৬ হিসাব অনুযায়ী ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। তারও আগে ১৯ মে পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ পদ্ধতিতে ২০ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার।
দেশের প্রকৃত (নিট) রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম৬ মানদণ্ড অনুসারে। এই পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে রিজার্ভের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হয়।
গত সপ্তাহে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, “বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার। আগামী জুন মাসে এই রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।”
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধি অর্থনীতির স্থিতিশীলতা ও সরকারের কার্যকরী নীতিমালার প্রতিফলন। বিশেষজ্ঞরা আশা করছেন, এই বৃদ্ধি দেশের আমদানি খাতে চাপ কমাবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্তব্য করুন