
সরকারি চাকরিজীবীদের আইন মেনে চলার বাধ্যবাধকতার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।’
আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শফিকুল আলম আরও জানান, সরকারি চাকরিজীবীদের কোনো দাবি-দাওয়া থাকলে তারা সচিবদের কমিটির কাছে তা জানাতে পারেন।
প্রেসসচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাতারবাড়ী ও মহেশখালীকে ‘নিউ সিঙ্গাপুর’-এ রূপান্তরিত করতে চান। মহেশখালী ও মাতারবাড়ী প্রকল্পে বিশ্ববিখ্যাত পেট্রোনাস কোম্পানি এলএনজি স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। এই প্রকল্পগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিগগিরই জাপান সফরে যাচ্ছেন, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে। আড়াই হাজার জাপানির জন্য নির্মিত এই অর্থনৈতিক জোনে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন।
শফিকুল আলম বলেন, ‘জাপান সফরের সময় আমরা ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সহায়তা আশা করছি।’ এই সহায়তা বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেসসচিব আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া বিনিয়োগকারীদের নতুন সুযোগ-সুবিধা এবং সহায়তা প্রদান করার বিষয়ে আলোচনা করবেন।
এই সফর এবং উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন