
আগামী ২৭ মে মঙ্গলবার জাপান সফরে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের সময় জাপান বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে। এছাড়াও পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ক একটি চুক্তি উল্লেখযোগ্য।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ড. ইউনূস ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরের অংশ হিসেবে তিনি ২৯ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামে অংশ নেবেন। এরপর ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
১। প্রতিরক্ষা খাতে সহযোগিতা
২। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি
৩। জ্বালানি খাতে সহযোগিতা
৪। বিডার (বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি) সক্ষমতা বৃদ্ধি
৫। জনশক্তি রপ্তানি
ড. ইউনূসের সফরে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এটি বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন ও বাজেট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই সফরের সমন্বয় করছেন।
ড. ইউনূসের এই সফর বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন