
ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে দিল্লিতে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল। শেষ কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রকাশ করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। এ খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউডসহ ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
মুকুল দেব হিন্দি সিনেমাসহ বাংলা, মালয়ালম, পাঞ্জাবি ও মারাঠি ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ছিল ‘দস্তক’, যেখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হয় সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের।
মুকুলের উল্লেখযোগ্য বলিউড সিনেমাগুলোর মধ্যে রয়েছে: জয় হো (সালমান খানের সঙ্গে, সন অব সরদার, ইয়ামলা পাগলা দিওয়ানা, আর রাজকুমার।
এছাড়া টালিউডে তিনি জিৎ-এর সঙ্গে ‘আওয়ারা’, ‘বচ্চন’ ও ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ সিনেমায় অভিনয় করেছেন।
নয়াদিল্লির একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন মুকুল দেব। তাঁর বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। হরি দেবের হাত ধরে মুকুল ছোটবেলা থেকেই বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। বিশেষত, আফগান সংস্কৃতির সঙ্গে মুকুলের পরিচয় ঘটান তাঁর বাবা।
অভিনয়ের পাশাপাশি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন মুকুল। তাঁর ভাষাগত জ্ঞান ও সাংস্কৃতিক অভিজ্ঞতা তাঁকে অভিনয়ে এক ভিন্নমাত্রা যোগ করতে সাহায্য করেছিল।
মুকুল দেবের মৃত্যুতে বলিউড, টালিউড এবং অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। অভিনেতার বড় ভাই রাহুল দেব, যিনি নিজেও একজন জনপ্রিয় অভিনেতা, এই দুঃসংবাদের পর ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন