
আগামী ২৯ মে’র মধ্যে ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা জানান, উচ্চমাধ্যমিক পাশ করার পর তিন বছর ছয় মাস মেয়াদি ১১০ ক্রেডিটের কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হয় না। অথচ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছরের সাধারণ কোর্স পাস করলেই ডিগ্রির সমমান পাওয়া যায়। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শেষ করে ছয় মাসের ইন্টার্ন করি। অথচ আমাদের এখনও এইচএসসি সমমান মনে করা হয় এটা মেনে নেওয়া অসম্ভব। সরকারের প্রতি আহ্বান, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।’
শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা নার্সিং কোর্সের শিক্ষার মান এবং সময়কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ডিগ্রির চেয়ে বেশি হলেও তারা একই স্বীকৃতি পাচ্ছেন না। ফলে চাকরির ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার সুযোগে তারা পেছনে পড়ে যাচ্ছেন।
ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই ডিগ্রির সমমানের দাবিতে আন্দোলন করে আসছেন। শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে তারা অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করেছেন। বিভিন্ন সময়ে তারা সরকারের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি পূরণ হয়নি।
শিক্ষার্থীরা বলেন, ‘সরকার আমাদের প্রতি সুবিচার করবে বলে আমরা বিশ্বাস করি। যদি আগামী ২৯ মে’র মধ্যে আমাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’
ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের এ দাবি এবং আল্টিমেটাম নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের জন্য সরকারি উদ্যোগের অপেক্ষায় রয়েছেন।
মন্তব্য করুন