বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এনসিপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। রাত ৮টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে দলীয় ফোরামের একটি বৈঠকে আলোচনা তুলে ধরা হতে পারে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। তবে সুনির্দিষ্ট করে ঠিক কোন বিষয়ে কথা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
সাক্ষাতের সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া, উপদেষ্টা মাহফুজ ইসলামও এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকা এবং সাম্প্রতিক পদত্যাগের গুঞ্জনের মধ্যেই এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বা নাহিদ ইসলাম কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষের নীরবতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করেছে। আগামী দিনগুলোতে এই সাক্ষাতের প্রভাব রাজনৈতিক অঙ্গনে কেমন হতে পারে, তা নিয়ে আগ্রহ বাড়ছে।
|
১৩ ফেব্রুয়ারী, ২০২৬

