
সারা দেশের প্রায় ২৮ হাজার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কাউন্সেলিং এবং বুলিং প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিশ্বব্যাংকের সহায়তায় মাউশি এই প্রকল্পটি বাস্তবায়ন করবে, যার আওতায় প্রায় ১ লাখ ১৮ হাজার ৯৮০ জন শিক্ষক প্রশিক্ষণ পাবেন।
মাউশির ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ২০২৬ সালের শুরুতে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। প্রতি প্রতিষ্ঠানে গড়ে চারজন শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। দেশের প্রতিটি জেলায় এই প্রশিক্ষণের আয়োজন করা হবে, যা ১০ থেকে ১২ দিনব্যাপী চলবে। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষকদের সম্মানী ভাতা প্রদান করা হবে।
পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় আরও যেসব উদ্যোগ নেওয়া হয়েছে:
সিসিটিভি ক্যামেরা স্থাপন: মাধ্যমিক পর্যায়ে বুলিং প্রতিরোধে ৫১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন।মাল্টিমিডিয়া ক্লাসরুম: ৬ হাজার ৯২৮টি স্কুল এবং ৩ হাজার ৪১২টি মাদ্রাসায় প্রতিটি দুইটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম।লাইব্রেরি উন্নয়ন: ১৮ হাজার ৮৯৪টি স্কুল এবং ৯ হাজার ২৯১টি মাদ্রাসার লাইব্রেরি উন্নয়ন।
আইসিটি প্রশিক্ষণ: ৩০ হাজার ৫৮৫ জন শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ।ব্লেন্ডেড লার্নিং প্রশিক্ষণ: ৬০ হাজার ৪৮০ জন শিক্ষক এই প্রশিক্ষণ পাবেন।
বেসিক প্রশিক্ষণ: ২৭ হাজার ১৮০ জন নতুন শিক্ষককে বেসিক প্রশিক্ষণ প্রদান।
প্রকল্পটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে এবং ২০২৮ সালের মধ্যে এর সব কাজ বাস্তবায়ন করার লক্ষ্য রয়েছে।
মাউশি প্রকল্প পরিচালক অধ্যাপক শিপন কুমার দাস গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কাউন্সেলিং, বুলিং প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের দক্ষতা বাড়ানোই আমাদের লক্ষ্য। দক্ষ শিক্ষকরাই ভালো শিক্ষার্থী গড়ে তুলতে ভূমিকা রাখবে।”
বিশ্বব্যাংকের সহায়তায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ৫ বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে মাউশি
মন্তব্য করুন