
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আগামী বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার (২০ মে) বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সরকারের সাবেক সচিব মশিউর রহমান।
তিনি বলেন, “আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এরমধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে সকাল ১০টায় আবারও একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি পালন করবো।” একই সঙ্গে ঢাকা অচলের হুমকিও দেন তিনি।
কর্মসূচির মঞ্চে ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এ আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়। তাদের পক্ষ থেকে নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত থেকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, “আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা (যেমন সড়কবাতি) সহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।”
আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে রাজধানীর সব নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে, যা ঢাকার দৈনন্দিন কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলবে।
আন্দোলনকারীরা বুধবার সকাল ১০টায় আবারও একত্রিত হয়ে তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, যা নগরবাসীর জন্য বড় ধরনের অসুবিধার কারণ হতে পারে।
মন্তব্য করুন